মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬
জনকল্যাণ নিউজ

পুরোনো ড্যাশ-৮ কেনায় ৮৮ কোটি টাকার ক্ষতি, দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ

পুরোনো ড্যাশ-৮ কেনায় ৮৮ কোটি টাকার ক্ষতি, দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ
অডিও সংবাদপড়ার পাশাপাশি শুনুন

সংবাদটি শুনুন

প্লে করুন, পুরো সংবাদ শুনুন

00:0000:00
  • বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ১৫ বছরের পুরোনো দুটি ড্যাশ-৮ উড়োজাহাজ লিজের মেয়াদ শেষে কিনে নেওয়ায় প্রায় ৮৮ কোটি টাকার ক্ষতি হয়েছে।

  • এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছে জাতীয় সংসদের সরকারি প্রতিষ্ঠান কমিটি।

  • ক্রয়সংশ্লিষ্ট পরিচালনা পর্ষদ ও ক্রয় কমিটির সদস্যদের তালিকা এক মাসের মধ্যে জমা দিতে বলা হয়েছে।

  • বৈঠকে বিমানের ১১১টি ঝুলন্ত অডিট আপত্তিতে জড়িত ৭৫৩ কোটি টাকার বিষয়টিও আলোচনা হয়।

এআই সহায়তায় তৈরি সংক্ষিপ্তসার। বিস্তারিত জানতে পুরো প্রতিবেদন পড়ুন।

বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ১৫ বছরের পুরোনো দুটি ড্যাশ-৮ উড়োজাহাজ লিজের মেয়াদ শেষে কিনে নেওয়া এবং সেগুলোর পরিচালনায় প্রায় ৮৮ কোটি টাকার ক্ষতির ঘটনায় দায়ীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছে জাতীয় সংসদের সরকারি প্রতিষ্ঠান কমিটি। মঙ্গলবার জাতীয় সংসদ ভবনে কমিটির বৈঠকে এ নির্দেশ দেওয়া হয়। একই সঙ্গে ক্রয়সংক্রান্ত সিদ্ধান্তের সঙ্গে জড়িত তৎকালীন পরিচালনা পর্ষদ ও ক্রয় কমিটির সদস্যদের নামের তালিকা ১৫ দিন থেকে এক মাসের মধ্যে কমিটির কাছে জমা দিতে বলা হয়েছে।

বৈঠক শেষে সংসদ সচিবালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্তের কথা জানানো হয়। কমিটির সভাপতি ও জাতীয় সংসদের চিফ হুইপ নূরুল ইসলাম মনিরের সভাপতিত্বে বৈঠকে হুইপ মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু, হুইপ মো. আখতারুজ্জামান মিয়া, তাহসিনা রুশদীর, খোন্দকার আবু আশফাক, মোহাম্মদ কয়ছর আহমেদ, বিশ্বাস জাহাঙ্গীর আলম, মোহাম্মদ নাজিবুর রহমান ও মোহাম্মদ কামাল হোসেন অংশ নেন।

বৈঠক সূত্রে জানা যায়, বিমানের ক্রয় নীতিমালায় পুরোনো উড়োজাহাজ কেনার সুযোগ নেই। কিন্তু ২০১৮ সালে লিজে নেওয়া ১৫ বছরের পুরোনো দুটি ড্যাশ-৮ উড়োজাহাজ লিজের মেয়াদ শেষে ২০২৩ সালে ৫১ কোটি টাকায় কিনে নেওয়া হয়। পরবর্তী সময়ে পরিচালন ব্যয় বাবদ আরও ৩৭ কোটি ৭৬ লাখ টাকা লোকসান হয়। এতে সরকারি অর্থের মোট ক্ষতির পরিমাণ দাঁড়ায় প্রায় ৮৮ কোটি টাকা।

বৈঠকে ১৯৯৬ থেকে ২০২১ সাল পর্যন্ত বিমানের ১১১টি ঝুলন্ত অডিট আপত্তিতে প্রায় ৭৫৩ কোটি ৫০ লাখ টাকা জড়িত থাকার বিষয়টিও তুলে ধরা হয়। এসব আপত্তি দ্রুত নিষ্পত্তির প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করা হয়।

আলোচনায় উড়োজাহাজ ক্রয় ও পরিচালনায় অনিয়ম, রিজার্ভেশন ও যাত্রীসেবা ব্যবস্থার দুর্বলতা, রাজস্ব আদায়ে অনিয়ম এবং লোকসানি রুট পরিচালনার বিষয়গুলোও উঠে আসে। ডিপার্চার কন্ট্রোল সিস্টেম ও র‍্যাপিড সফটওয়্যারের দুর্বলতায় বিপুল পরিমাণ রাজস্ব ক্ষতির তথ্য অডিটে পাওয়া গেছে।

অডিটের তথ্য অনুযায়ী, আন্তর্জাতিক ফ্লাইটে যাত্রীদের ইকোনমি ক্লাস থেকে বিজনেস ক্লাসে উন্নীত করে অর্থ আদায় করা হলেও তা বিমানের অ্যাকাউন্টিং সিস্টেমে জমা হয়নি। এসব অনিয়ম ও রাজস্ব ফাঁকি প্রতিরোধে মহাহিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রকের কার্যালয় থেকে বিমানে পূর্ণাঙ্গ আইটি অডিট শুরু হয়েছে। এ কার্যক্রমের অংশ হিসেবে গত জুলাই থেকে অক্টোবর পর্যন্ত সব তথ্য-উপাত্ত অডিটরদের সরবরাহ করতে বিমান কর্তৃপক্ষকে নির্দেশ দেওয়া হয়েছে।

যথাযথ বাণিজ্যিক সম্ভাব্যতা যাচাই ছাড়াই পরিচালনা পর্ষদের সিদ্ধান্তে বিভিন্ন রুট পরিচালনার ফলে আর্থিক ক্ষতির বিষয়টিও অডিটে উঠে এসেছে। এসব সিদ্ধান্তসংক্রান্ত নথি এবং প্রতিটি রুটের আয়-ব্যয়ের তথ্যসহ প্রতিবেদন কমিটির কাছে জমা দিতে বলা হয়েছে।

বৈঠকে যাত্রীসেবা ব্যবস্থা সরবরাহকারী প্রতিষ্ঠান স্যাবরের সঙ্গে সম্পাদিত চুক্তির বিষয়টিও পর্যালোচনা করা হয়। চুক্তি অনুযায়ী কার্যাদেশ সম্পূর্ণ সরবরাহ না করা হলেও প্রতিষ্ঠানটিকে সম্পূর্ণ অর্থ পরিশোধ করা হয়েছে। এ বিষয়ে বিমান কর্তৃপক্ষ ও অডিট বিভাগকে যৌথভাবে সাত দিনের মধ্যে লিখিত প্রতিবেদন দাখিলের নির্দেশ দেওয়া হয়।

কোভিডকালীন ঢাকা-গুয়াংজু রুটে পরিচালিত চার্টার্ড কার্গো ফ্লাইটের ভাড়া কম দেখিয়ে অতিরিক্ত অর্থ সরকারি কোষাগারে জমা না দেওয়ার অভিযোগসংক্রান্ত অডিট আপত্তিও বৈঠকে পর্যালোচনা করা হয়। এ বিষয়ে এক মাসের মধ্যে অভ্যন্তরীণ তদন্ত সম্পন্ন করে পূর্ণাঙ্গ প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। একই সঙ্গে অনিয়মের সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করে তাঁদের বিরুদ্ধে প্রশাসনিক ও আইনি ব্যবস্থা নেওয়ার নির্দেশনা দেওয়া হয়।

কমিটি বিমান বাংলাদেশ এয়ারলাইনসের আর্থিক শৃঙ্খলা নিশ্চিত করা, অডিট আপত্তি দ্রুত নিষ্পত্তি, অনাদায়ি রাজস্ব উদ্ধার এবং অনিয়ম ও দুর্নীতির সঙ্গে জড়িতদের জবাবদিহির আওতায় আনার ওপর গুরুত্বারোপ করেছে। প্রতিষ্ঠানটিকে দুর্নীতিমুক্ত, প্রযুক্তিগতভাবে আধুনিক, দক্ষ ও লাভজনক করতে প্রয়োজনীয় কার্যকর পদক্ষেপ নেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।

সূত্র: Ittefaq, Prothom Alo

আরও পড়ুন

সব খবর →