দুর্নীতি দমন কমিশনের (দুদক) উপসহকারী পরিচালক পদ থেকে অপসারিত মো. শরীফ উদ্দিনকে জ্যেষ্ঠতা ও সব বকেয়া বেতন-ভাতাসহ চাকরিতে পুনর্বহাল করা হয়েছে। মঙ্গলবার দুদকের এক প্রজ্ঞাপনে এ সিদ্ধান্তের কথা জানানো হয়। চাকরিচ্যুতির সাড়ে চার বছর পর আদালতের রায় ও আইনি প্রক্রিয়া শেষে তিনি নিজ প্রতিষ্ঠানে ফিরলেন।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, উপসহকারী পরিচালকের পদ থেকে শরীফ উদ্দিনকে অপসারণের আদেশ প্রত্যাহার করা হয়েছে এবং বিধি অনুসারে তিনি জ্যেষ্ঠতা ও সব বকেয়া বেতন-ভাতা পাবেন। গত ২৫ অক্টোবর আদালতের রায়ের পরিপ্রেক্ষিতে তিনি চাকরিতে পুনর্বহালের আবেদন করেন। এর ভিত্তিতে গত ৫ নভেম্বর অনুষ্ঠিত সভায় চূড়ান্ত সিদ্ধান্ত হয়।
২০২২ সালের ১৬ ফেব্রুয়ারি দুদক পটুয়াখালী কার্যালয়ের উপসহকারী পরিচালক শরীফ উদ্দিনকে চাকরি থেকে অপসারণ করা হয়। ২০২১ সালের ১৬ জুন পটুয়াখালীতে বদলির আগে তিনি দুদকের চট্টগ্রাম কার্যালয়ে কর্মরত ছিলেন। ওই সময় সরকারি প্রকল্পের জমি অধিগ্রহণে অনিয়মের ঘটনা তদন্ত করে প্রভাবশালী ব্যক্তিদের বিরুদ্ধে মামলা করার সুপারিশ করেছিলেন তিনি।
দায়িত্ব পালনের কারণে প্রাণনাশের হুমকি পাওয়ার কথা জানিয়ে দুদকের তৎকালীন এই কর্মকর্তা থানায় জিডিও করেছিলেন। তার চাকরিচ্যুতি ঘিরে তখন বেশ আলোচনা তৈরি হয়। চাকরিচ্যুতির প্রতিবাদে দুদকের প্রধান কার্যালয়ের সামনে সংস্থার কর্মীদের অংশগ্রহণে মানববন্ধনের মতো ঘটনাও ঘটে।
চাকরিচ্যুতির আদেশে বলা হয়েছিল, দুর্নীতি দমন কমিশন (কর্মচারী) বিধিমালা, ২০০৮-এর বিধি ৫৪ (২)-তে প্রদত্ত ক্ষমতাবলে মো. শরীফ উদ্দিনকে চাকরি থেকে অপসারণ করা হলো। তিনি বিধি মোতাবেক ৯০ দিনের বেতন এবং প্রযোজ্য সুযোগ-সুবিধা পাবেন। তবে কোনো কারণ দর্শানো ছাড়াই ওই বিধিতে কর্মী অপসারণের বৈধতা নিয়ে এবং চাকরিতে পুনর্বহালের নির্দেশনা চেয়ে শরীফ ২০২২ সালের ১৩ মার্চ রিট করেন।
রিটের শুনানিতে আদালতে তুলে ধরা হয়, ৫৪(২) বিধির ক্ষমতাবলে দুদকের আরেকজন কর্মকর্তা মো. আহসান আলীকে চাকরিচ্যুতি নিয়ে রায়ের বিরুদ্ধে দুদকের করা আপিল আপিল বিভাগে বিচারাধীন। এর পরিপ্রেক্ষিতে ২০২২ সালের ২৫ মে হাইকোর্ট ওই আপিল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত শরীফের রিটের শুনানি মুলতবি করেন। ওই আদেশ স্থগিত চেয়ে তিনি ২০২২ সালের ১৬ জুন আপিল বিভাগে লিভ টু আপিল করেন।
আহসান আলীর করা রিটের পরিপ্রেক্ষিতে ৫৪(২) বিধি বাতিল করে হাইকোর্টের দেওয়া রায়ের বিরুদ্ধে দুদকের করা আপিলের সঙ্গে শরীফের লিভ টু আপিল একসঙ্গে শুনানির জন্য ওঠে। ২০২৩ সালের ১৬ মার্চ আপিল বিভাগ দুদকের করা আপিল মঞ্জুর করে রায় দেন এবং ৫৪(২) বিধি বাতিল করে হাইকোর্টের দেওয়া রায় বাতিল করেন। হাইকোর্টের আদেশের বিরুদ্ধে শরীফের করা লিভ টু আপিল প্রযোজনের অতিরিক্ত বলে উল্লেখ করা হয়।
আপিল বিভাগের পূর্ণাঙ্গ রায় প্রকাশিত হয় ২০২৩ সালের ২১ ডিসেম্বর। তাতে ৫৪(২) বিধিটি সর্বোচ্চ সতর্কতার সঙ্গে প্রয়োগ করতে হবে বলে উল্লেখ করা হয় এবং এ বিধি প্রয়োগে দুদককে ১২ দফা পর্যবেক্ষণ বা গাইডলাইন অনুসরণের নির্দেশ দেওয়া হয়।
পূর্ণাঙ্গ রায় প্রকাশের পর শরীফের রিট হাইকোর্টে শুনানির জন্য উপস্থাপন করা হয়। প্রাথমিক শুনানি নিয়ে ২০২৪ সালের ৬ ফেব্রুয়ারি হাইকোর্ট রুল দেন। চূড়ান্ত শুনানি শেষে গত বছরের ৯ জুলাই হাইকোর্ট রায় দেন। রায়ে ২০২২ সালের ১৬ ফেব্রুয়ারির চাকরিচ্যুতির আদেশটি আইনগত কর্তৃত্ববহির্ভূত ও শুরু থেকে বাতিল ঘোষণা করা হয়। জ্যেষ্ঠতা ও বকেয়া সব সুবিধাসহ তাকে চাকরিতে পুনর্বহালের নির্দেশ দেওয়া হয় এবং রায়ের অনুলিপি গ্রহণের ৩০ দিনের মধ্যে তা বাস্তবায়নের কথা বলা হয়।
হাইকোর্টের রায়ের বিরুদ্ধে দুদক গত বছর লিভ টু আপিল চেয়ে আবেদন করে, পরে তা প্রত্যাহারের আবেদন করে সংস্থাটি। গত ১৫ অক্টোবর আপিল বিভাগের চেম্বার আদালতের আদেশে বলা হয়, আবেদনকারীর পক্ষে উপস্থিত আইনজীবী (অ্যাডভোকেট অন রেকর্ড) দেওয়ানি লিভ টু আপিলটি না চালানোর নির্দেশনা পেয়েছেন। ওই বক্তব্যের পরিপ্রেক্ষিতে না চালানোর (নট টু প্রসিড) কারণে লিভ টু আপিলটি খারিজ করা হয়। এ প্রক্রিয়ার মধ্য দিয়েই শরীফ উদ্দিনের চাকরিতে ফেরার পথ সম্পূর্ণ হয়।
সূত্র: Channel i, Dhaka Tribune Bangla, Ittefaq, Prothom Alo


