সৌদি আরবে বিবাহবহির্ভূত সম্পর্কের কারণে সন্তান জন্ম দেওয়ার অভিযোগে এস্থার ওয়ানজা মুথোনি নামের এক কেনীয় গৃহকর্মীকে ১০০ বেত্রাঘাতের সাজা দিয়েছেন দেশটির একটি আদালত। গত মাসে রিয়াদের আদালত এ রায় দেন। রায়ের পর মানবাধিকার সংগঠনগুলো এ শাস্তিকে নারীর প্রতি সহিংসতা আখ্যা দিয়ে নিন্দা জানিয়েছে।
মুথোনি জানিয়েছেন, এক মিসরীয় নাগরিকের সঙ্গে সম্পর্কের কারণে তিনি অন্তঃসত্ত্বা হন। সন্তান জন্মের আগেই ওই ব্যক্তি সৌদি আরব ছেড়ে চলে যান। সৌদি আরবের শরিয়াহ আইনে বিবাহবহির্ভূত শারীরিক সম্পর্ক ফৌজদারি অপরাধ। এ ধরনের অভিযোগে অনেক নারী গ্রেপ্তার এড়াতে বাড়িতে গোপনে সন্তান প্রসব করেন। তবে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হওয়ার পর মুথোনির বিষয়টি জানাজানি হয়। দেশটির হাসপাতালগুলোর জন্য অবিবাহিত মায়েদের বিষয়ে পুলিশকে জানানো বাধ্যতামূলক।
আদালতের রায়ের পর মুথোনি দ্য নিউইয়র্ক টাইমসকে বলেন, তিনি এমন শাস্তি পাওয়ার যোগ্য নন। বেত্রাঘাতের আঘাত সহ্য করতে পারবেন কি না, তা নিয়েও তিনি আতঙ্কিত।
যুক্তরাজ্যভিত্তিক মানবাধিকার সংগঠন আল-কিস্টের ভারপ্রাপ্ত পরিচালক মরিয়ম আলদোসারি বলেন, রায় কার্যকর না করে ওই গৃহকর্মীকে তাঁর দেশে পাঠানো উচিত। সৌদি আরবের আধুনিকায়ন ও নারীর ক্ষমতায়নের দাবির সঙ্গে এ রায় সাংঘর্ষিক।
সৌদি আরব ২০২০ সালে বিচারকদের নিজস্ব বিবেচনায় দেওয়া শাস্তির ক্ষেত্রে বেত্রাঘাতের বিধান বাতিল করে। তবে হুদুদ-সংশ্লিষ্ট অপরাধের ক্ষেত্রে এ শাস্তি এখনো বহাল আছে। ব্যভিচারও এমন অপরাধের অন্তর্ভুক্ত।
অভিবাসী অধিকারবিষয়ক সংগঠন ডু বোল্ড জানিয়েছে, বেত্রাঘাতের সাজা কার্যকর হলে মুথোনিকে কেনিয়ায় ফেরত পাঠানো হতে পারে। সংগঠনটি বলেছে, সৌদি আরবের কঠোর কাফালা-ব্যবস্থার কারণে দেশটিতে কর্মরত লাখ লাখ নারী গৃহকর্মী ঝুঁকির মধ্যে রয়েছেন। অনেকের পাসপোর্ট জব্দ করে রাখেন নিয়োগকর্তারা। তাঁদের ওপর থাকে কঠোর নিয়ন্ত্রণ। অনেকে আইনি সহায়তাও পান না।
এ ঘটনায় আন্তর্জাতিক পরিমণ্ডলে সৌদি আরবের শ্রম ও নারী-অধিকার পরিস্থিতি নিয়ে প্রশ্ন উঠেছে। অভিবাসী শ্রমিকদের সুরক্ষায় কার্যকর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে সংগঠনগুলো।
সূত্র: Ittefaq, Prothom Alo



