যুক্তরাষ্ট্রের প্রযুক্তি খাতে গুরুত্বপূর্ণ ব্যক্তিদের কাছ থেকে গোপন তথ্য সংগ্রহে প্রেম, যৌন সম্পর্ক ও ব্যবসায়িক যোগাযোগকে হাতিয়ার হিসেবে ব্যবহারের অভিযোগ উঠেছে চীনা গোয়েন্দা সংস্থার বিরুদ্ধে। কয়েক দশক ধরে সিলিকন ভ্যালির প্রযুক্তি প্রতিষ্ঠান, রাজনীতিক ও সরকারি কর্মকর্তাদের লক্ষ্য করে এ ধরনের তৎপরতা চলছে বলে সতর্ক করে আসছে মার্কিন গোয়েন্দা সংস্থাগুলো। সম্প্রতি এনভিডিয়ার প্রধান নির্বাহী জেনসেন হুয়াংকে ঘিরে ওঠা গুপ্তচরবৃত্তির অভিযোগে বিষয়টি নতুন করে আলোচনায় এসেছে।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি ও মার্কিন সংবাদমাধ্যম দ্য নিউইয়র্ক টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, চীনা গোয়েন্দারা ব্যক্তিগত সম্পর্ক, ব্যবসায়িক যোগাযোগ এবং তথ্য চুরির মাধ্যমে যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ প্রযুক্তি গবেষণায় প্রবেশের চেষ্টা করছে। বিশেষ করে কৃত্রিম বুদ্ধিমত্তা, সামরিক প্রযুক্তি ও উন্নত কম্পিউটিং খাত তাদের প্রধান লক্ষ্যবস্তু।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সোমবার (৯ নভেম্বর) জানান, তিনি হুয়াংয়ের সঙ্গে কথা বলেছেন। ট্রাম্পের দাবি, সংশ্লিষ্ট ব্যক্তি যে চীনা গুপ্তচর, সে বিষয়ে হুয়াংয়ের কোনো ধারণা ছিল না। অভিযোগের বিষয়ে অভ্যন্তরীণ তদন্ত শুরু করেছে এনভিডিয়ার পরিচালনা পর্ষদ।
প্রতিবেদনে দাবি করা হয়েছে, হুয়াংয়ের সঙ্গে চীনা গোয়েন্দা সংস্থার এক সন্দেহভাজন সদস্যের যোগাযোগের বিষয়টি ট্রাম্প প্রায় এক বছর আগে জানতে পেরেছিলেন। তবে এনভিডিয়ার ব্যবসায়িক স্বার্থ ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কায় তখন কোনো পদক্ষেপ নেননি তিনি।
যুক্তরাষ্ট্রে চীনা গুপ্তচরবৃত্তির অভিযোগ অবশ্য নতুন নয়। ১৯৮০-এর দশকের শেষ দিকে সিলিকন ভ্যালির একটি প্রতিষ্ঠানে সামরিক কাজে ব্যবহারযোগ্য গোপন গবেষণার তথ্য চুরির অভিযোগে এক ব্যক্তির ওপর নজরদারি শুরু করে এফবিআই। তদন্তের অংশ হিসেবে ওই ব্যক্তির ফোনে আড়ি পাতা হয় এবং প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহীর সহযোগিতা চাওয়া হয়। পরে সান ফ্রান্সিসকো থেকে বেইজিংগামী একটি বিমানে ওঠার সময় কম্পিউটার ডিস্কসহ তাকে আটক করা হয়। ডিস্কটি গোপনে পাচারের চেষ্টা করছিলেন বলে অভিযোগ ছিল। তবে নেতিবাচক প্রচার ও ব্যবসায়িক সুনাম ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কায় প্রতিষ্ঠানটি তদন্তে সহযোগিতা করতে অস্বীকৃতি জানায়। শেষ পর্যন্ত এফবিআই তদন্ত থেকে সরে আসে।
সাবেক এফবিআই কাউন্টার ইন্টেলিজেন্স কর্মকর্তা লারে কুইয়ের মতে, অনেক প্রতিষ্ঠান জাতীয় নিরাপত্তার চেয়ে নিজেদের ব্যবসায়িক সুনাম ও শেয়ারের দামকে বেশি গুরুত্ব দেয়।
গোয়েন্দা তৎপরতায় ব্যক্তিগত ও যৌন সম্পর্ক ব্যবহারের এই কৌশল পরিচিত ‘হানি ট্র্যাপ’ নামে। এর মাধ্যমে সংবেদনশীল তথ্যের নাগাল রয়েছে এমন ব্যক্তিদের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তোলেন গোয়েন্দারা। সাবেক সিআইএ কর্মকর্তা ও চীনবিষয়ক বিশ্লেষক ডেনিস ওয়াইল্ডার বলেন, মার্কিন কর্মকর্তাদের লক্ষ্য করে চীনা গোয়েন্দা সংস্থাগুলো দীর্ঘদিন ধরে এ ধরনের কৌশল ব্যবহার করছে। চীনে অবস্থিত মার্কিন দূতাবাস ও কনস্যুলেট থেকেও এ ধরনের ফাঁদে পড়া কর্মকর্তাদের সরিয়ে নিতে হয়েছে।
২০১১ থেকে ২০১৫ সালের মধ্যে চীনা নাগরিক ক্রিস্টিন ফ্যাং যুক্তরাষ্ট্রের সান ফ্রান্সিসকো বে এলাকার কয়েকজন ডেমোক্র্যাট রাজনীতিকের সঙ্গে সম্পর্ক গড়ে তোলেন। তাদের মধ্যে সাবেক কংগ্রেস সদস্য এরিক সোয়ালওয়েলের নামও রয়েছে। সোয়ালওয়েলের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্কের পাশাপাশি তার নির্বাচনী তহবিল সংগ্রহে সহায়তা করেন ফ্যাং। এমনকি তার কার্যালয়ে একজন ইন্টার্ন নিয়োগের ব্যবস্থাও করেন। মার্কিন তদন্তকারীদের ধারণা, ফ্যাং চীনের রাষ্ট্রীয় নিরাপত্তা মন্ত্রণালয়ের হয়ে কাজ করছিলেন। ২০১৫ সালে তিনি যুক্তরাষ্ট্র ছেড়ে চলে যান। এ ছাড়া লস অ্যাঞ্জেলেসভিত্তিক রিপাবলিকান দলের তহবিল সংগ্রাহক ও পরামর্শক ক্যাটরিনা লিউংয়ের বিরুদ্ধেও গুপ্তচরবৃত্তির অভিযোগ উঠেছিল। ২০০৩ সালে তাকে গ্রেপ্তার করে মার্কিন কর্তৃপক্ষ। অভিযোগ ছিল, এফবিআইয়ের তথ্যদাতা হিসেবে কাজ করার ভান করে তিনি চীনের কাছে গোপন তথ্য সরবরাহ করছিলেন। এ সময় তার সঙ্গে দায়িত্বে থাকা দুজন এফবিআই কর্মকর্তারও ঘনিষ্ঠ সম্পর্ক ছিল।
বর্তমানে যুক্তরাষ্ট্রের প্রযুক্তি খাতে গুপ্তচরবৃত্তির অভিযোগের অন্যতম কেন্দ্রবিন্দু কৃত্রিম বুদ্ধিমত্তা। গত জানুয়ারিতে গুগলের সাবেক প্রকৌশলী লিনওয়েই ডিং অর্থনৈতিক গুপ্তচরবৃত্তি ও বাণিজ্যিক গোপন তথ্য চুরিসহ ১৪টি অভিযোগে দোষী সাব্যস্ত হন। তার বিরুদ্ধে গুগলের এআই সুপারকম্পিউটার প্রযুক্তি সম্পর্কিত দুই হাজারের বেশি পৃষ্ঠার গোপন তথ্য চুরির অভিযোগ ছিল।
অন্যদিকে, যুক্তরাষ্ট্রের রপ্তানি নিষেধাজ্ঞা এড়িয়ে উন্নত এনভিডিয়া প্রযুক্তি চীনে পাঠানোর কয়েকটি প্রচেষ্টাও শনাক্ত করেছে মার্কিন কর্তৃপক্ষ। এর মধ্যে এক ঘটনায় জাল চালানপত্র ব্যবহার করে ১৬ কোটি ডলারের প্রযুক্তি পাচারের অভিযোগ রয়েছে। আরেক ঘটনায় সার্ভার কেনার আড়ালে প্রায় ২৫০ কোটি ডলারের নিয়ন্ত্রিত এআই প্রযুক্তি চীনে সরিয়ে নেওয়ার চেষ্টা করা হয়েছিল বলে অভিযোগ উঠেছে।
এসব ঘটনা থেকে মার্কিন গোয়েন্দা কর্মকর্তাদের আশঙ্কা, চীনা গুপ্তচরবৃত্তি এখন আর শুধু রাজনৈতিক ও সামরিক তথ্য সংগ্রহে সীমাবদ্ধ নেই। ব্যক্তিগত সম্পর্ক, ব্যবসায়িক যোগাযোগ থেকে শুরু করে অত্যাধুনিক প্রযুক্তি গবেষণা পর্যন্ত বিস্তৃত হয়েছে এই তৎপরতা।
সূত্র: Channel i



