বরিশালের বাকেরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্তব্যরত চিকিৎসককে গালাগাল ও মারধরের ঘটনায় দায়ের করা মামলার প্রধান আসামি পৌর যুবদলের জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক ইমরান খানকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার ভরপাশা ইউনিয়নে নিষিদ্ধ ঘোষিত উপজেলা ছাত্রলীগের সহসভাপতি সোহেল রানার বাড়ি থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
থানা-পুলিশ সূত্রে জানা যায়, দুপুরে হামলার পর থেকেই ইমরান খানকে গ্রেপ্তারে অভিযান শুরু করে পুলিশ। গ্রেপ্তার এড়াতে তিনি সোহেল রানার বাড়িতে আশ্রয় নিয়েছিলেন বলে পুলিশের কাছে তথ্য ছিল। সেই ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়।
হাসপাতাল সূত্রে জানা গেছে, মঙ্গলবার দুপুর ১২টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বহির্বিভাগে রোগী দেখছিলেন চিকিৎসক সুরঞ্জিত দাস। এ সময় যুবদল নেতা ইমরান খানের বাবা বেলায়েত হোসেন খান চিকিৎসা নিতে তাঁর চেম্বারে যান। চেম্বারে একজন নারী রোগী থাকায় বেলায়েত হোসেনকে কিছুক্ষণ অপেক্ষা করতে বলেন চিকিৎসক। এই বিষয়টি তিনি তাঁর ছেলে ইমরান খানকে জানান।
কিছুক্ষণ পর ইমরান খান তিন থেকে চারজনকে সঙ্গে নিয়ে চিকিৎসকের চেম্বারে প্রবেশ করেন। একপর্যায়ে তাঁরা চিকিৎসকের সঙ্গে অশোভন আচরণ ও গালাগাল শুরু করেন। পরে তাঁকে মারধর ও শারীরিকভাবে লাঞ্ছিত করা হয়।
ওই পরিস্থিতিতে চেম্বার থেকে বের হয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার কক্ষে আশ্রয় নেন চিকিৎসক সুরঞ্জিত দাস। তিনি বলেন, ‘রোগীকে কিছুক্ষণ অপেক্ষা করতে বলেছিলাম। এ কারণে ইমরান খান আমার চেম্বারে ঢুকে সরকারি কাজে বাধা দেন। তিনি আমাকে অশ্লীল ভাষায় গালাগাল করেন এবং মারধর করেন। আমি বাকেরগঞ্জ থানায় মামলা করেছি।’
হাসপাতালের মতো একটি সেবামূলক প্রতিষ্ঠানে কর্তব্যরত চিকিৎসকের ওপর হামলার ঘটনা কোনোভাবেই গ্রহণযোগ্য নয় বলে জানান উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মীর শহিদুল ইসলাম। তিনি বলেন, বিষয়টি হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভাপতি ও স্থানীয় বিএনপির সংসদ সদস্য আবুল হোসেন খানকে জানানো হয়েছে। তিনি এ ঘটনায় প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়ার নির্দেশনা দিয়েছেন।
বাকেরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আদিল হোসেন বলেন, চিকিৎসকের ওপর হামলা ও মারধরের ঘটনায় ইমরান খানসহ কয়েকজনের বিরুদ্ধে মামলা হয়েছে। এ ঘটনায় ইমরান খানকে গ্রেপ্তার করা হয়েছে।
সূত্র: Ittefaq, Prothom Alo




