বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬
জনকল্যাণ নিউজ

পার্বত্য তিন জেলায় পাঁচ বছরে সশস্ত্র হামলায় নিহত ৩১৬, সংসদে স্বরাষ্ট্রমন্ত্রীর তথ্য

পার্বত্য তিন জেলায় পাঁচ বছরে সশস্ত্র হামলায় নিহত ৩১৬, সংসদে স্বরাষ্ট্রমন্ত্রীর তথ্য
অডিও সংবাদপড়ার পাশাপাশি শুনুন

সংবাদটি শুনুন

প্লে করুন, পুরো সংবাদ শুনুন

00:0000:00
  • পার্বত্য চট্টগ্রামের রাঙামাটি, খাগড়াছড়ি ও বান্দরবানে গত পাঁচ বছরে সশস্ত্র গোষ্ঠীর হামলায় ৩১৬ জন নিহত হয়েছেন, যাদের ৩০৮ জন বেসামরিক নাগরিক।

  • একই সময়ে আহত হয়েছেন ৪৯০ জন।

  • বুধবার জাতীয় সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ এ তথ্য জানান।

  • তিনি বলেন, নিরাপত্তা বাহিনীর ওপর ৯৭ বার হামলা চালানো হয়েছে এবং ২৯৭ জনকে অপহরণ করা হয়েছে।

  • 'অপারেশন উত্তরণ'সহ যৌথ অভিযানে শত শত সদস্যকে গ্রেফতার করা হয়েছে।

এআই সহায়তায় তৈরি সংক্ষিপ্তসার। বিস্তারিত জানতে পুরো প্রতিবেদন পড়ুন।

পার্বত্য চট্টগ্রামের রাঙামাটি, খাগড়াছড়ি ও বান্দরবান জেলায় গত পাঁচ বছরে সশস্ত্র গোষ্ঠীর হামলায় ৩১৬ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ৩০৮ জন বেসামরিক নাগরিক এবং আটজন নিরাপত্তা বাহিনীর সদস্য। একই সময়ে এসব হামলায় আহত হয়েছেন আরও ৪৯০ জন। বুধবার (১১ নভেম্বর) জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের তৃতীয় দিনের প্রশ্নোত্তর পর্বে এই তথ্য জানান স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

মানিকগঞ্জ-১ আসনের সংসদ সদস্য এস এ জিন্নাহ কবিরের লিখিত প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রীর পক্ষে এসব তথ্য তুলে ধরেন স্বরাষ্ট্রমন্ত্রী। প্রশ্নে পার্বত্য চট্টগ্রামের তিন জেলায় বসবাসরত বাঙালি ও বিভিন্ন ক্ষুদ্র নৃগোষ্ঠীর মানুষের নিরাপত্তা পরিস্থিতি তুলে ধরা হয়। পাশাপাশি সশস্ত্র গোষ্ঠীর হামলা, অপহরণ, জোরপূর্বক চাঁদা আদায়, অবৈধ অস্ত্রের ব্যবহার এবং সেনাবাহিনীসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের ওপর হামলার ঘটনায় সরকারের কাছে থাকা তথ্য জানতে চান তিনি।

জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, আহত ৪৯০ জনের মধ্যে ৪৩৫ জন বেসামরিক নাগরিক এবং ৫৫ জন নিরাপত্তা বাহিনীর সদস্য। অর্থাৎ হতাহতের বেশিরভাগই সাধারণ মানুষ।

সরকারের পরিসংখ্যান অনুযায়ী, গত পাঁচ বছরে নিরাপত্তা বাহিনীর ওপর সশস্ত্র গোষ্ঠীগুলো ৯৭ বার হামলা চালিয়েছে। এই সময়ে বাঙালি জনগোষ্ঠীর ওপর ১৯৪ বার এবং ক্ষুদ্র নৃগোষ্ঠীর ওপর ৮১ বার হামলার ঘটনা ঘটেছে। এছাড়া ২৯৭ জনকে অপহরণ করা হয়েছে, ৪৭১ বার জোরপূর্বক চাঁদা আদায় এবং ৩৭৭ বার অবৈধ অস্ত্র ব্যবহারের ঘটনা ঘটেছে।

পার্বত্য অঞ্চলে নিরাপত্তা পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকারের নেওয়া পদক্ষেপ তুলে ধরে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, শান্তিশৃঙ্খলা বজায় রাখা এবং সন্ত্রাসীদের তৎপরতা দমনে সশস্ত্র বাহিনীর বিশেষ অভিযান 'অপারেশন উত্তরণ' চলমান রয়েছে। বাংলাদেশ সেনাবাহিনী, বিজিবি, পুলিশ ও এসআরবির নিয়মিত টহল এবং গোয়েন্দা তৎপরতা বাড়িয়ে সন্ত্রাসী কার্যক্রম প্রতিরোধ করা হচ্ছে।

তিনি জানান, পাহাড়ে অবৈধ অস্ত্রধারী, চাঁদাবাজ ও সন্ত্রাসীদের বিরুদ্ধে কঠোর নীতি গ্রহণ করা হয়েছে। সুনির্দিষ্ট অপরাধের অভিযোগে প্রচলিত আইন অনুযায়ী মামলা করে আসামিদের আইনের আওতায় আনা হচ্ছে। নতুন ও পুরোনো আঞ্চলিক সশস্ত্র গোষ্ঠীগুলোর তৎপরতা নির্মূল এবং অবৈধ অস্ত্র উদ্ধারে সেনাবাহিনী, বিজিবি, পুলিশ ও এসআরবির সমন্বয়ে নিয়মিত বিশেষ যৌথ অভিযান চালানো হচ্ছে।

গোয়েন্দা তথ্যের ভিত্তিতে দুর্গম পাহাড়ি এলাকায় সন্ত্রাসীদের গোপন আস্তানা ও প্রশিক্ষণ ক্যাম্প ধ্বংসেও অভিযান চালানো হচ্ছে জানিয়ে মন্ত্রী বলেন, প্রয়োজনে বিমানবাহিনীর সহযোগিতায় হেলিকপ্টার ব্যবহার করা হয়।

জোরপূর্বক চাঁদা আদায়ের উৎস ও অর্থনৈতিক খাত চিহ্নিত করে নজরদারি করা হচ্ছে। চাঁদাবাজি বন্ধে চেকপোস্টের সংখ্যা বাড়ানো এবং মোবাইল ব্যাংকিংসহ আর্থিক লেনদেনের ওপর গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে। সীমান্ত দিয়ে অবৈধ অস্ত্র ও মাদক চোরাচালান ঠেকাতে বিজিবির সক্ষমতা বাড়ানো হয়েছে। ভারতের মিজোরাম ও মিয়ানমার সীমান্তসংলগ্ন দুর্গম এলাকায় নজরদারি বৃদ্ধি করা হয়েছে।

অস্ত্র ও সামরিক পোশাক সরবরাহের সঙ্গে জড়িত সমতলের বিভিন্ন উৎস ও নেটওয়ার্ক পুলিশ ও এসআরবি উন্মোচন করছে বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী। পাহাড়ে ধারাবাহিক ও বিশেষ যৌথ অভিযানে বিভিন্ন আঞ্চলিক সশস্ত্র গোষ্ঠীর শত শত সক্রিয় সদস্যকে গ্রেফতার করা হয়েছে। এসব অভিযানে তাদের ব্যবহৃত অত্যাধুনিক আগ্নেয়াস্ত্র, তাজা গুলি, ম্যাগাজিন, কমব্যাট ইউনিফর্ম এবং ড্রোন ও সিগন্যাল সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।

সূত্র: Channel i, Ittefaq

আরও পড়ুন

সব খবর →